
শাপলাপুর প্রতিনিধি (৬ সেপ্টেম্বর ২০২৬ | রবিবার)
কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়াবন্যাপাড়ার বাসিন্দা জসিম উদ্দিন ওরফে ‘কালো’ নামে এক ব্যক্তিকে র্যাব সদস্য পরিচয়ে কালো রঙের একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কায়দাবাদ বাজারের দক্ষিণ পাশে নিজ বাড়িতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের অভিযোগ, রাস্তার মাথায় একটি কালো রঙের গাড়ি থামিয়ে চার ব্যক্তি নেমে নিজেদের র্যাব সদস্য পরিচয় দেন। এরপর তারা জসিম উদ্দিনকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যান।
পরিবারের ভাষ্য, গাড়িতে থাকা অবস্থায় জসিম উদ্দিন তার মেয়ের মোবাইল নম্বরে ফোন করে জানান, ‘আমাকে র্যাবের কাছে নিয়ে যাচ্ছে।’ এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাত আনুমানিক ১১টার দিকে জসিম উদ্দিনের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে ১০ লাখ টাকা দাবি করা হলেও পরে ২ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয় বলে পরিবারের অভিযোগ।
ঘটনার পরপরই বিষয়টি মহেশখালী থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত ও তথ্য সংগ্রহ করেছে বলে জানা গেছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার বিষয়টি পুলিশ অবগত হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত জসিম উদ্দিনকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
তবে জসিম উদ্দিনকে র্যাব সদস্য পরিচয়ে কারা তুলে নিয়ে গেছে এবং মুক্তিপণ দাবির সঙ্গে কারা জড়িত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।
সর্বস্বত্ব সংরক্ষিত ©
Disclaimer: The information published by Shaplapur News is collected from available sources and is published in good faith for public interest. Allegations mentioned in any report are presented as allegations and do not constitute a final determination of guilt. Shaplapur News does not intend to defame or harm the reputation of any individual, organization, or institution. If any information is found to be inaccurate or requires correction, please contact us for appropriate review and correction.
© 2026 Shaplapur News. All Rights Reserved.


