
ছবি: চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
বিএনপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, জামায়াতের লংমার্চ ও সংসদীয় বক্তব্য নিয়েও প্রশ্ন
প্রকাশকাল: ৮ সেপ্টেম্বর ২০২৬
কুষ্টিয়া প্রতিনিধি: শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না এলে রাজপথে প্রতিবাদ ও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি না রাখার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।
কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
চরমোনাই পীর বলেন, ‘তারা শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না এলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হব।’
তিনি দাবি করেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করা হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখছে না। সংসদে ইতোমধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তারা তা মেনে নিয়েছেন। তবে তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
দেশের দুর্নীতি পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘এর প্রধান কারণ এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি।’
সরকারের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে পাতিশিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।’
এদিকে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যে ‘দ্বিমুখিতা’ রয়েছে বলেও মন্তব্য করেন চরমোনাই পীর।
লংমার্চে এক ধরনের দাবি তুলে পরে জাতীয় সংসদে ভিন্ন ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জামায়াতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রেজাউল করীম বলেন, জামায়াতে ইসলামীর লোগো থেকে ‘আকিমুদ্দীন’ কথাটি সরিয়ে দেওয়া হয়েছে। ফলে সেখানে ‘ইসলাম’ শব্দটিও আর নেই বলে দাবি করেন তিনি। এ কারণে দলটিকে ইসলামী দল বলা যায় কি না, সে প্রশ্নও তোলেন চরমোনাই পীর।
রেজাউল করীম আরও বলেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াতে ইসলামী ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা স্পষ্টভাবে বলেনি। বরং জামায়াতের আমির সে সময় প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছিলেন বলে দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মিলিয়ে বলা চলে, জামায়াত আর ইসলামী দল নয়।’
জামায়াতের লংমার্চের প্রসঙ্গ টেনে চরমোনাই পীর বলেন, বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী লংমার্চ করেছে। অথচ পরে জাতীয় সংসদে দলের আমির বলেছেন, বিদ্যুৎ সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়।
এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করা হলো? এমন দ্বিমুখী আচরণ কেন?’
কুষ্টিয়ায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী আন্দোলন কুষ্টিয়া শাখার সভাপতি আব্দুল্লাহ আখন্দ ও সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ারসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ©
Disclaimer: The information published by Shaplapur News is collected from available sources and is published in good faith for public interest. Allegations mentioned in any report are presented as allegations and do not constitute a final determination of guilt. Shaplapur News does not intend to defame or harm the reputation of any individual, organization, or institution. If any information is found to be inaccurate or requires correction, please contact us for appropriate review and correction.
© 2026 Shaplapur News. All Rights Reserved.


