
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬ | সোমবার | সকাল ৮:২০ মিনিট
কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে দুই মাস বয়সী শিশুকে আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গত শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে নবগঠিত মাতামুহুরি উপজেলার শাহারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় শিশুটির নানাবাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইমন চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ইমনের মনোমালিন্য চলছিল। এরই একপর্যায়ে শিশুটিকে আছাড় দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এতে দুই মাস বয়সী শিশুটি গুরুতর আহত হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমনকে আটক করে চকরিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
গুরুতর আহত শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে আছাড় দেওয়ার অভিযোগের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশ বা অভিযুক্তের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত — শাপলাপুর নিউজ


