
কক্সবাজারের টেকনাফে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল কাসেম প্রকাশ লেডু মিস্ত্রি (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তাঁর ছেলে হারুনকে দায়ী করেছেন স্থানীয়রা।
শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামজারছড়া গ্রামের জাম্বু পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কাসেমের দুই ছেলে হারুন ও নুর মোহাম্মদের মধ্যে কথা কাটাকাটি থেকে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে ঝগড়া থামাতে এগিয়ে গেলে আবুল কাসেম ছুরিকাঘাতে আহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে নুর মোহাম্মদ বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাঁদের বাবা ছুরিকাঘাতে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, দুই ভাইয়ের ঝগড়া ও কথা কাটাকাটির একপর্যায়ে হারুন তাঁর বাবাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আবুল কাসেমকে প্রথমে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতাল হয়ে চট্টগ্রামে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে আবুল কাসেম ছুরিকাঘাতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


