
২৮ সেপ্টেম্বর ২০২৬ | সোমবার
ন্যাম ভবনের ফ্ল্যাটে স্বামী-স্ত্রীর জন্য নির্ধারিত শয়নকক্ষের পাশের বারান্দায়ও ঘুমাতে হতো সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আদালতকে এমনটাই জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আদালতে জানান, জিজ্ঞাসাবাদে গাজী নজরুল ইসলাম স্বীকার করেছেন, সম্পর্কের সূত্রে মরিয়ম তার নাতনি হলেও পরবর্তীতে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে বিয়ে করেন। পরে স্থানীয়ভাবে তাদের বিয়ের কাবিন রেজিস্ট্রি করা হয়।
ডিবির তদন্ত কর্মকর্তা আদালতকে আরও জানান, ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মকে নিয়ে থাকতেন। তবে মরিয়মকে প্রায়ই শয়নকক্ষের পাশের বারান্দায় ঘুমাতে হতো বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এদিকে গাজী নজরুল ইসলামের আইনজীবী মাহবুবুর রহমান আদালতে তার জামিন আবেদন করেন। তিনি দাবি করেন, থানা পুলিশ ও ডিবি দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
মামলার নথি ও পুলিশের তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নেয় পুলিশ।
পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।
Disclaimer: The information published by Shaplapur News is collected from available sources and is published in good faith for public interest. Allegations mentioned in any report are presented as allegations and do not constitute a final determination of guilt. Shaplapur News does not intend to defame or harm the reputation of any individual, organization, or institution. If any information is found to be inaccurate or requires correction, please contact us for appropriate review and correction.
সর্বস্বত্ব সংরক্ষিত ©
© 2026 Shaplapur News. All Rights Reserved.


