
স্টাফ রিপোর্টার, মহেশখালী
কক্সবাজারের মহেশখালীতে ভিমরুলের কামড়ে মাওলানা আবুল কালাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মরহুম সাহেব মিয়া সওদাগরের ছেলে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে মহেশখালী পৌরসভার মোশাররফ আলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় উঠানে থাকা ভিমরুলের বাসা থেকে কয়েকটি ভিমরুল এসে আবুল কালামকে কামড় দেয়। এ সময় যন্ত্রণায় তিনি দৌড় দিলে একপর্যায়ে মাটিতে পড়ে যান। পরে আরও বেশ কয়েকটি ভিমরুল তাকে আক্রমণ করে।
ভিমরুলের কামড়ে তাঁর শরীরে বিষক্রিয়া ও তীব্র যন্ত্রণা শুরু হয়। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
আবুল কালামের আকস্মিক মৃত্যুর খবরে মোশাররফ আলীপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
স্থানীয় বাসিন্দা নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’
