
শাপলাপুর নিউজ ডেস্ক:
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের (ইফা) নতুন বোর্ড অব গভর্নরস গঠন করা হয়েছে। নতুন বোর্ডে কওমি অঙ্গন ও আলেমসমাজের পরিচিত পাঁচজন আলেমকে গভর্নর হিসেবে রাখা হয়েছে। তাদের মধ্যে তিনজন নতুন করে বোর্ডে যুক্ত হয়েছেন। নতুন বোর্ডে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকেও গভর্নর হিসেবে রাখা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৮৩-এর ৬(১) ধারার আওতায় নতুন এই বোর্ড গঠন করা হয়েছে।
নতুন করে গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়া তিন আলেম হলেন মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি আজহারুল ইসলাম ও মুফতি শরীফ উল্লাহ।
মুফতি মনির হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার মুহতামিম। মুফতি আজহারুল ইসলাম মারকাজুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব। মুফতি শরীফ উল্লাহ নূরে মদিনা আল-আরাবিয়া মাদরাসার প্রিন্সিপাল ও যাত্রাবাড়ীর বাইতুল মামুর জামে মসজিদের খতিব। তিনি সম্মিলিত ইমাম-খতিব পরিষদের মহাসচিব।
এছাড়া নতুন বোর্ডে আগের সদস্য হিসেবে রয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার মনোনীত দুই সংসদ সদস্যও বোর্ড অব গভর্নরসের সদস্য হয়েছেন। তারা হলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ ছাড়া পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকও গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক একই সঙ্গে বোর্ডের সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
নতুন বোর্ডের পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্য গভর্নরদের মেয়াদ হবে তিন বছর। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এই মেয়াদ গণনা করা হবে। তবে তিন বছর পূর্ণ হওয়ার পরও সরকার নতুন গভর্নর নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্য কোনো গভর্নরকে যেকোনো সময় পরিবর্তন করতে বা তার পদ শূন্য ঘোষণা করতে পারবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ©
Disclaimer: The information published by Shaplapur News is collected from available sources and is published in good faith for public interest. Allegations mentioned in any report are presented as allegations and do not constitute a final determination of guilt. Shaplapur News does not intend to defame or harm the reputation of any individual, organization, or institution. If any information is found to be inaccurate or requires correction, please contact us for appropriate review and correction.
© 2026 Shaplapur News. All Rights Reserved.


