
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম তাজিয়াকাটা সুমাইয়া (রা.) বালিকা মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কুতুবজোম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুক ইসলাম মাসুদের সহধর্মিণী লাকী আক্তার।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দলীয় পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনায় নেওয়া হলে তা প্রতিষ্ঠান পরিচালনায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করে। বিশেষ করে একজন সক্রিয় রাজনৈতিক নেতার স্ত্রীকে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত করার ঘটনায় স্থানীয় পর্যায়ে দলীয়করণের অভিযোগ আরও জোরালো হয়েছে বলে দাবি করছেন কেউ কেউ।
এমন নিয়োগে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে কি না—এ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তবে লাকী আক্তারের মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কোনো ভূমিকা রেখেছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
