
মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে ঘুরতে এসে টমটম (মিশুক) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফয়সাল (৩০) নামে এক ওমানপ্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী সমবায় সমিতি সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার ইলিয়াসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে কয়েকজন বন্ধু দুটি মোটরসাইকেলে করে মহেশখালীতে ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষে চকরিয়ায় ফেরার পথে বড় মহেশখালী সমবায় সমিতি সড়কের সামনে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তাদের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত ফয়সালের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান দুর্ঘটনায় ওমানপ্রবাসী যুবক ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহনের বিষয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।


