মহেশখালী প্রতিনিধি | শাপলাপুর নিউজ

ছবি: মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।
মহেশখালীতে সড়কে শৃঙ্খলা ফেরানো ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টমটম, সিএনজিচালিত অটোরিকশা ও মিশুক চালকদের জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় বলা হয়েছে, উপজেলায় চলাচলকারী টমটম ও সিএনজিচালিত অটোরিকশার ডান পাশে স্থায়ী হাতল স্থাপন করতে হবে। এর উদ্দেশ্য, ডান পাশ দিয়ে যাত্রীদের ওঠানামা বন্ধ করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমানো।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি টমটম ও সিএনজিচালিত অটোরিকশায় চালকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদের কপি রাখতে হবে। যানবাহনে কোনো ধরনের বাদ্যযন্ত্র রাখা যাবে না, যাতে চালকের মনোযোগ বিঘ্নিত না হয়।
চালকের পাশের আসন ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। চালকের বাম পাশে সর্বোচ্চ একজন যাত্রী বসতে পারবেন। তবে ডান পাশে কোনো যাত্রী বসতে পারবেন না। অন্যদিকে, মিশুক গাড়িতে তিনজনের বেশি যাত্রী বহন করা যাবে না।
অপ্রাপ্তবয়স্কদের যানবাহন চালানো নিষিদ্ধ করে নির্দেশনায় বলা হয়েছে, কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি টমটম, সিএনজিচালিত অটোরিকশা, মিশুকসহ কোনো যানবাহন চালাতে পারবেন না। এ বিষয়ে যানবাহনের মালিকদেরও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।
উল্লিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যানবাহন মালিক, পরিবহন সংগঠন, যাত্রীসাধারণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন।



